তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ গণজাগরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলন সফলতার পথে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং এ অঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও কারাবরণ করেও তারা মাথা নত করেননি। সেই আন্দোলনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
মন্ত্রী বলেন, মাদকের আগ্রাসনে সমাজ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে জনগণকে সচেতন করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক, জুয়া ও যৌতুকের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে।
অনুষ্ঠানে ‘আলোকিত লালমনিরহাট’-এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আলোচনা সভা শেষে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
মতামত দিন