Views Bangladesh Logo

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটের চরাঞ্চলে বন্যার শঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ৩টা থেকে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, দুপুর ১২টার দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ০০ মিটার। তখন বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের নিচে থাকলেও তিন ঘণ্টার ব্যবধানে পানি বেড়ে ৫২ দশমিক ১৬ মিটারে পৌঁছে যায়।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তার তীরবর্তী চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। ইতোমধ্যে অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছে কৃষকদের আমন ধানের বীজতলা ও পাকা ধানের খেত।

পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, ভারী বৃষ্টিপাত না থাকলেও উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

তিনি জানান, নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় চরাঞ্চল ও নদীসংলগ্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকলে বুধবারের মধ্যে তিস্তাপাড়ের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান জানান, দুপুরের পর থেকে ইউনিয়নের বেশ কয়েকটি চর ও নিচু এলাকায় পানি ঢুকেছে। অনেক জায়গায় আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকায় পাকা ধানের খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, পানি এখনো বাড়ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। প্রয়োজনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নৌকার মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে কুড়িগ্রামে তিস্তার পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও উজানে পানি বাড়ায় সেখানেও ঝুঁকি তৈরি হয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও গঙ্গাধর নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। তবে দুধকুমার নদের পানি দ্রুত বাড়ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানান, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ