নিখোঁজের একদিন পর শহীদ মিনারে মিলল কিশোরের ঝুলন্ত মরদেহ
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি শহীদ মিনার থেকে সিহাব হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার জাগীর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সিহাব হোসেন সদর উপজেলার হিজুলী গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকাল ৭টার দিকে জাগীর এলাকার একটি মাঠের পাশে শহীদ মিনারে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
সিহাবের কর্মস্থলের মালিক মাছ ব্যবসায়ী মনির হোসেন বলেন, সিহাব তার দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। শনিবার সে ছুটি নিয়েছিল এবং ওই দিন কাজে আসেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোরটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন