হবিগঞ্জে মোবাইল চুরির অপবাদে কিশোরকে প্রকাশ্যে লাঞ্ছনা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক কিশোরকে জনসম্মুখে হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য করা এবং মাথা ন্যাড়া করে দেওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার তুলসিপুর বাজারে এই অমানবিক ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি একটি দোকান থেকে মোবাইল ফোন চুরির ঘটনায় ওই কিশোরকে সন্দেহ করা হচ্ছিল। বৃহস্পতিবার পার্শ্ববর্তী একটি বাজারে সে ওই মোবাইলটি বিক্রি করতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং তুলসিপুর বাজারে নিয়ে আসে। সেখানে একদল লোক কোনো প্রকার আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করেই তাকে দোষী সাব্যস্ত করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপস্থিত জনতার সামনে কিশোরটিকে কান ধরে ওঠবস করানো হচ্ছে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হচ্ছে। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে দিয়ে বাজার থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, কিশোরটি মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানবাধিকার কর্মী শহিদুল হক বলেন, ‘এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। যেকোনো অপরাধের বিচার প্রচলিত আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত।’
কাশিনগর পুলিশ ফাঁড়ির বিট অফিসার এসআই মিজানুর রহমান জানান, আইনবহির্ভূতভাবে কাউকে এভাবে সাজা দেওয়ার কোনো বিধান নেই। তিনি আরও বলেন, এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে