কিশোরদের রাতের অযাচিত ঘোরাফেরা জিজ্ঞাসাবাদ শুধু আমার নির্বাচনী এলাকার জন্য: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখা গেলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনাটি তিনি সংসদ সদস্য হিসেবে নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ার জন্য দিয়েছেন, এটি সারা দেশের জন্য প্রযোজ্য নয়।
আজ বুধবার সচিবালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসার অষ্টম শ্রেণি ও পঞ্চম শ্রেণি (ইবতেদায়ি) ও কারিগরির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনী এলাকায় দায়িত্ব নেওয়ার পর ১২ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিট থেকে মাদক, ইভ টিজিং ও সন্ত্রাস বন্ধ করার জন্য কচুয়ায় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। “সন্ধ্যার পর রাস্তায় ঘোরাফেরা করা বন্ধ করতে হবে। এটি আমার কচুয়াকেন্দ্রিক কমিটমেন্ট,” তিনি বলেন।
এহছানুল হক মিলন আরও বলেন, “আমি মন্ত্রী হওয়ার পর কচুয়া উপজেলায় প্রশাসনকে জানিয়েছি, এটি সাংবিধানিকভাবে ঠিক নয়। তবে কচুয়ার অভিভাবকদের সঙ্গে নিয়ে কেউ যদি রাস্তায় ঘোরাফেরা করে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটি কচুয়ার জন্য আমার নির্বাচনী অঙ্গীকার; সারা বাংলাদেশে এমন কোনো নির্দেশনা আমি দিইনি।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে