চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবি, কিশোরীর মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বন্যাকবলিত বাড়ি ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে নৌকায় রওনা দেন আব্দুল মালেক। পথে রসুলাবাদ এলাকায় প্রবল স্রোতের মুখে নৌকাটি উল্টে গেলে ঝর্ণাসহ তিন বোন পানিতে তলিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় ঝর্ণার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে জীবিত উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঝর্ণা নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দীর্ঘ উদ্ধার অভিযানের পর ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুই বোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চট্টগ্রাম থেকে আসা বিশেষ ডুবুরি দল অভিযানে যোগ দিলে দুপুরে ঝর্ণার মরদেহ উদ্ধার সম্ভব হয়।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক পানির নিচে থাকায় মানুষ বাধ্য হয়ে নৌকায় চলাচল করছে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
মতামত দিন