Views Bangladesh Logo

গাইবান্ধায় তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

গাইবান্ধার সাঘাটায় গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) গভীর রাতে সাঘাটা উপজেলায় এই ঘটনা ঘটে।

শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন অভিযুক্তকে আটক করে এবং ভুক্তভোগী তরুণীকে নিজেদের হেফাজতে নেয়। তবে এ ঘটনায় জড়িত অপর এক অভিযুক্ত পলাতক রয়েছে।

আটককৃতরা হলেন—গাছাবাড়ী মধ্যপাড়া এলাকার লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০) ও স্বাধীন ব্যাপারী (২২)। এছাড়া পলাতক অভিযুক্তের নাম বিপ্লব ওরফে ডিপজল, তার বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

সাঘাটা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই তরুণী ঘরের বাইরে বের হলে অভিযুক্তরা তার মুখ চেপে ধরে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তরুণীর কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তিন অভিযুক্তকে আটক করে একটি ঘরে আটকে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে শনিবার সকালে সাঘাটা থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান জানান, সংঘবদ্ধ ধর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন অভিযুক্তকে আটক করে। তবে একজন পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী তরুণীকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা রুজু করা হবে। এরপর আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ