Views Bangladesh Logo

মা-বাবার মারধরে কিশোরীর মৃত্যু, বস্তাবন্দী লাশ বাইকে করে ফেলে আসেন বাবা: পুলিশ

খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। পুলিশের ভাষ্য, মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে বাবা-মা মিলে মরদেহ বস্তাবন্দি করে মোটরসাইকেলে করে নিরালা প্রান্তিকা এলাকার একটি সড়কে ফেলে রেখে আসেন।

শনিবার (১১ জুলাই) সকালে কেএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, নিহত নির্জনার মা আরিফা ইয়াসমিন সিমা শুক্রবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দেন।

পুলিশের দাবি, ঘটনার দিন বিকেলে নির্জনার সঙ্গে পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মা তাকে মারধর করেন। পরে ঘরের ভেতরে চিৎকার শুনে বাবা মো. আলিম হোসেন আকাশ এসে কাঠের লাঠি দিয়ে নির্জনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচিয়ে মোটরসাইকেলে করে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রেখে আসেন বলে পুলিশের দাবি।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা একটি সাততলা ভবনের সামনে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তদন্তের ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নির্জনা খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, নির্জনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রাথমিক তদন্তে সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। তবে তদন্ত এখনও চলমান।

এ ঘটনায় নির্জনার মা আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত বাবা মো. আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পুলিশ আরও জানিয়েছে, পলাতক বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। মরদেহ উদ্ধারের রাতেই নির্জনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টও দেওয়া হয়, যার সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া প্রাথমিক তদন্তে নির্জনার বাবা মাদকাসক্ত বলে ধারণা করছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ