Views Bangladesh Logo

বরিশালে প্রেমিকের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় প্রেমিকের বাসা থেকে এক ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাফি মঞ্জিলে এ ঘটনা ঘটে।

নিহত তরুণী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা এবং একটি নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর থেকে তার প্রেমিক মইনুল ইসলাম হিমু পলাতক রয়েছেন। তিনি ঝালকাঠির কাটপট্টি রোড এলাকার বাসিন্দা মিল্টন আকনের ছেলে। বর্তমানে তার পরিবার বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

অভিযুক্তের মা জানান, তার ছেলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি অন্য একজনের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে তিনি শুনেছেন। তবে তার ছেলে এই হত্যাকাণ্ডে জড়িত কিনা, তা তিনি নিশ্চিত নন।

তিনি আরও জানান, অসুস্থতার কারণে তিনি সকালে মেয়ের বাসায় যান। পরে দুপুরে নিজ বাসায় ফিরে দরজায় তালা দেখতে পান। তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপর তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপর থেকেই ছেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমু আগে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন, তবে বর্তমানে বেকার। তার বিরুদ্ধে পূর্বেও স্ত্রী হত্যার অভিযোগ রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ