কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ কিশোর, ৫ ঘণ্টা পর মিলল মরদেহ
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর নবজিৎ চাকমার (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর শনিবার (৩০ মে) সন্ধ্যায় দুর্ঘটনাস্থলের অদূর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দ্যারমুখ এলাকার জারুলতলায় এক বন্ধুর সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমেছিল নবজিৎ। সাঁতার কাটার একপর্যায়ে সে হঠাৎ হ্রদের গভীর পানিতে তলিয়ে যায়। নিহত নবজিৎ চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলা এলাকার প্রদীপ চৌধুরীর ছেলে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে কিশোর নিখোঁজের খবর পেয়েই ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে স্থানীয়রা শুরুতে ফায়ার সার্ভিসকে না জানিয়েই হ্রদে বড় জাল ফেলে নিখোঁজ কিশোরকে খোঁজার চেষ্টা করেছিল। ফলে ডুবুরি দল দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট পয়েন্টেই অনুসন্ধান চালাতে থাকে।
নিউটন দাস আরও বলেন, ‘অভিযানের শেষ পর্যায়ে আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে তারা আগেই এখানে জাল ফেলেছিলেন। জালের টানে মরদেহটি মূল স্থান থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এই তথ্য পাওয়ার পরপরই আমরা অনুসন্ধানের এলাকা পরিবর্তন করি এবং মাত্র ১০ মিনিটের মধ্যে মরদেহের সন্ধান পাই। উদ্ধার কাজ শেষে মরদেহটি স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার করা মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়ার পর সুরতহাল করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে