Views Bangladesh Logo

লালপুরে শোরুম মালিকের বাড়ি থেকে কিশোর শ্রমিকের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলায় এক শোরুম মালিকের বাড়ি থেকে ১৪ বছর বয়সী এক কিশোর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল বাজারের ঐ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম শুভ ইসলাম (১৪)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল এলাকার ফারুক হোসেনের ছেলে। শুভ স্থানীয় প্রতিষ্ঠান ‘মেসার্স সোহান এন্টারপ্রাইজ’-এর কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ দয়ারামপুর শাখার মোবাইলের দোকানে কর্মরত ছিলেন এবং কাজের সুবাদে শোরুম মালিক আব্দুল হাকিমের ধুপইলের বাড়িতে থাকতেন।

প্রতিষ্ঠানটির ম্যানেজার নাহিদ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শুভ অসুস্থ বোধ করার কথা বলে মালিকের বাড়িতে গিয়ে নিজের কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে বিকেল ৫টার দিকে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। পরে দরজা না খোলায় সেটি ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ