জাফলং বেড়াতে যাওয়ার পথে বাসচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ের বেড়াতে যাওয়ার পথে বাসচাপায় সিএনজি অটোরিকসা আরোহী এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের মা, খালা ও মামা আহত হয়েছেন।
সোমবার (২৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুসরাত তাসনিম (১৫) ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড়ের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। দুর্ঘটনায় আহতরা হলেন, নুসরাতের মা কুলসুম বেগম (৫৫), মামা মোহাম্মদ আলী (৩০) ও খালা সুমাইয়া আক্তার (২৬)।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে সিএনজি অটোরিকসাযোগে মা, খালা ও মারার সঙ্গে জাফলং যাচ্ছিলেন নুসরাত। চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাদের অটোরিকসাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নুসরাত নিহত হন এবং অন্যরা আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার পর বাসচালক পালিয়ে যায় বলে জানিয়েছেন তামাবিল হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।
মতামত দিন