Views Bangladesh Logo

উখিয়ায় মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত ছাত্রীর নাম গোলাপ শা আক্তার (১৭)। সে চরপাড়া গ্রামের ছৈয়দ মিস্ত্রির মেয়ে এবং রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে যান। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের দরজা খুলে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নিচে নামানো হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার জানান, পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলে দাবি করা হচ্ছে। তবে ঘটনাটি প্রকৃতপক্ষে হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত ও তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ