ধর্ষণের বিচার না পেয়ে উল্টো অপবাদ, কিশোরীর আত্মহত্যা
লক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও সেখানে কোনো বিচার না করে উল্টো অপবাদ দেয়া হয় কিশোরীকে। এর ফলে মানসিক চাপে আত্মহত্যা করে সে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে হেলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে এ বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় কিশোরীর মা বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন। প্রধান অভিযুক্ত রাকিব হোসেনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিবের সঙ্গে কিশোরীর প্রায় সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ রাতে মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে রাকিব। তখন তার মা বিষয়টি টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যায়।
পরদিন ভুক্তভোগীর পরিবার রাকিবের বাবা-মাকে বিষয়টি জানালে তারা কাউকে কিছু না জানানোর জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তরাসহ কয়েকজন মিলে একটি সালিসি বৈঠকের আয়োজন করে। সেখানে ধর্ষণের কোনো বিচার না হয়ে উল্টো কিশোরীকে অপবাদ দেয়া হয় বলে জানান স্থানীয়রা।
এর আগে গত বৃহস্পতিবার সকালে মেয়েটির মা ফসল দেখতে পাশের জমিতে গেলে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে ভুক্তভোগী ও তার মাকে হুমকি দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে কিশোরী। ওইদিন দুপুরেই সে আত্মহত্যা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
মতামত দিন