Views Bangladesh Logo

বগুড়ায় ডোবা থেকে অটো-রিকশাচালকের মরদেহ উদ্ধার

বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৫ বছর বয়সী আব্দুর রহমান। এরপর রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। পরদিন দুপুরে বগুড়ার সোনাতলায় একটি ডোবা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া গ্রামের একটি ডোবা থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সে।

নিহত আব্দুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা আমিরুল ইসলাম। ১৫ বছর বয়সী আব্দুর রহমান পেশায় অটোরিকশাচালক ছিল।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, আব্দুর রহমানের অটোরিকশাটিও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের পাশাপাশি অটোরিকশাটি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ