টেকনাফে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।
নিহত হলো টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে ইব্রাহিম (১৫)। আটককৃত হলো মোহাম্মদ রবিউল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওমর ফারুক, মো. তৈয়ব ও মো. শফিক টমটমে শাহপরীর দ্বীপ এলাকায় ঘুরতে যাওয়ার পথে হারিয়াখালী ব্রিজ এলাকায় একই এলাকার রাজু, রবিউল ও অজ্ঞাত আরও ৫-৭ জন তাদের পথরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে ওমর ফারুক, শফিক ও তৈয়ব সেখান থেকে চলে গেলেও পরে রাজু, রবিউল ও তাদের সহযোগীরা ওমর ফারুকের বাড়িতে হামলা চালায়। এ সময় ছোড়া পাথরের আঘাতে ইব্রাহিম গুরুতর আহত হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে