নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
একই রাতে অভিযান চালিয়ে পাচঁজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—এবাদুল্লাহ (৪০), আহম্মদ আলী দেওয়ান (৬৩), মো. ইমরান দেওয়ান (৩২), মো. গাফফার (৩৭) ও মো. আইয়ুব (৩০)। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, এজাহারভুক্ত পাচঁ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।
ঘটনাটি ঘিরে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে সুষ্ঠু তদন্ত ও নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে ওই কিশোরীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে স্থানীয় কয়েকজন যুবক মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও পরে বিচার চাওয়ার কারণে তাকে অপহরণ করে হত্যা করা হয়।
বুধবার ভুক্তভোগীর বাবা মেয়েকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। বড়ইতলা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নেয়। পরদিন সকালে সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে