Views Bangladesh Logo

ফেসবুকে প্রেমের সূত্রে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৪

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের মধ্যে দুজনকে কারাগারে এবং দুজনকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। মামলায় মোট পাঁচজনের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে ফেসবুকে যার সঙ্গে সম্পর্কের সূত্রে ওই কিশোরী ভালুকায় গিয়েছিলেন, তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত ১৪ মার্চ রাতে ভালুকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, কিশোরীর বাড়ি নারায়ণগঞ্জে। মা-বাবার মৃত্যুর পর সে দীর্ঘদিন সৎমায়ের কাছে বড় হয়েছে। প্রায় দুই মাস আগে সৎমায়ের নির্যাতনে বাড়ি ছেড়ে ময়মনসিংহে চলে আসে এবং একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ শুরু করে।

পুলিশ আরও জানায়, ছয় মাস ধরে ফেসবুকে ‘জিসান ইসলাম’ নামের একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরীর। তাঁর সঙ্গে দেখা করতে ১৪ মার্চ রাতে ওই কিশোরী ময়মনসিংহ থেকে বাসে ভালুকা বাসস্ট্যান্ডে যায়। সেখানে এক তরুণ তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যান। কিশোরীর সন্দেহ হলে সে যেতে অস্বীকৃতি জানায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ওই কিশোরীকে একটি খালের পাড়ে ফেলে রাখা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ভালুকা মডেল থানার পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ