জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: আখাউড়ায় কিশোর আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।
রোববার (২১ জুন) দিবাগত রাতে আখাউড়া থানার একটি দল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর জগৎসার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। আটক ব্যক্তির নাম সাবিদুল ইসলাম সিয়াম (১৮)। তিনি আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্টের বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে রোববার দিবাগত রাতে মোবাইল ট্রাকিংয়ে তার অবস্থান নিশ্চিত করে সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে সিয়ামকে আটক করা হয়। আটকৃতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাইবার অপরাধের ক্ষেত্রে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান ওসি।
মতামত দিন