স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার ভিডিও ভাইরালের পর তরুণ গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ইসমাইল খান (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল উপজেলার বহুরিয়া খানপাড়া গ্রামের কিতাব খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসমাইল খান কয়েকজন সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে গেড়ামারা গোহাইলবাড়ি সবুজসেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। গত রোববার বিদ্যালয় চলাকালে তিনি মোটরসাইকেল নিয়ে স্কুলসংলগ্ন সড়কে বেপরোয়া গতিতে চালান এবং ছাত্রীদের উত্ত্যক্ত করেন।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুত ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর এক ভুক্তভোগী ছাত্রীর মা সোমবার সকালে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী এক ছাত্রীর মা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ইসমাইল খানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন