Views Bangladesh Logo

নজরকাড়া ডিজাইনে টেকনোর ক্যামন স্লিম ৫জি এখন বাংলাদেশে

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে নতুন স্মার্টফোন ক্যামন স্লিম ৫জি উন্মোচন করেছে টেকনো। একই অনুষ্ঠানে দেশের বাজারে আনা হয়েছে ক্যামন এয়ার। পাতলা ও হালকা নকশা, উচ্চক্ষমতার ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধা এবং বড় ব্যাটারি—দুই মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

ক্যামন স্লিম ৫জির পুরুত্ব মাত্র ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ধুলা ও পানির ক্ষতি থেকে সুরক্ষায় ফোনটিতে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে মানের সুরক্ষা রয়েছে। এতে দেওয়া হয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যা ৪৫ ওয়াট সুপারচার্জ প্রযুক্তিতে দ্রুত চার্জ করা যাবে।

ডিসপ্লের দিক থেকেও ফোনটিতে রয়েছে উন্নত প্রযুক্তি। ক্যামন স্লিম ৫জিতে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর।

ছবির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইট৭০০সি ওআইএস প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাশাপাশি এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পসহ বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা রয়েছে।

৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ক্যামন স্লিম ৫জির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোনটির প্রি-বুকিং চলবে। প্রি-বুকিং করা গ্রাহকেরা উপহার হিসেবে টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট পাবেন। তবে অফারটি নির্দিষ্ট শর্ত ও উপহারের প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

অন্যদিকে ক্যামন এয়ারের পুরুত্বও ৬ দশমিক ৩৯ মিলিমিটার হলেও ওজন মাত্র ১৬২ দশমিক ৮ গ্রাম। এতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৬০ ওয়াট আল্ট্রাচার্জ প্রযুক্তি। ফোনটিতে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে। পানিরোধী ও ধুলারোধী সুরক্ষায় রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং।

ক্যামন এয়ারে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইট৬০০ প্রধান ক্যামেরার সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বিভিন্ন এআই সুবিধার পাশাপাশি এতে রয়েছে এআই মুডলাইট ফিচার। ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। উভয় দামের ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ