Views Bangladesh Logo

টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে বাংলাদেশে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।

মঙ্গলবার (২৫ আগস্ট) টেকনো বাংলাদেশ এই যৌথ অংশীদারত্বের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। প্রতিষ্ঠানটি জানায়, হামজা চৌধুরী টেকনোর আসন্ন ‘ক্যামন’ সিরিজসহ বিভিন্ন ফ্ল্যাগশিপ পণ্য ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন। এর পাশাপাশি ফুটবল-কেন্দ্রিক ডিজিটাল কন্টেন্ট, ভক্তদের নিয়ে বিভিন্ন আয়োজন ও প্রচারণামূলক কার্যক্রমে তাকে দেখা যাবে।

আসন্ন ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে টেকনো বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগেই হামজার সঙ্গে এই চুক্তি তরুণ বাংলাদেশি ক্রীড়ামোদীদেরকে ফুটবল ও প্রযুক্তির আরও কাছাকাছি নিয়ে আসবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে টেকনো স্মার্টফোনের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান 'আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেড'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, ‘হামজার উচ্চাকাঙ্ক্ষা, অদম্য মনোভাব ও নিরন্তর এগিয়ে যাওয়ার প্রচেষ্টা টেকনোর মূল দর্শন 'স্টপ অ্যাট নাথিং'-এর সঙ্গে দারুণভাবে মিলে যায়।’

টেকনোর সঙ্গে যুক্ত হতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করে লেস্টার সিটির এই মিডফিল্ডার জানান, বাংলাদেশে টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেস্টার সিটির হয়ে খেলা এই তারকা ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এ দেশের ফুটবলে এক নতুন উন্মাদনা তৈরি হয়েছে। তাঁর পেশাদার অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতা দেশের তরুণ ভক্তদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে চলেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ