Views Bangladesh Logo

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির স্টাইল, ৬,৫০০ এমএএইচ ব্যাটারিতে মিলবে দীর্ঘ ব্যাকআপ

 VB  Desk

ভিবি ডেস্ক

ইতালীয় বিলাসবহুল লাইফস্টাইল ব্র্যান্ড টোনিনো ল্যাম্বরগিনির সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণের স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। ‘পোভা ৮ প্রো ৫জি টোনিনো ল্যাম্বরগিনি লিমিটেড এডিশন’ নামের ফোনটিতে গেমিং পারফরম্যান্সের পাশাপাশি গুরুত্ব পেয়েছে প্রিমিয়াম নকশা ও বিশেষ সফটওয়্যার অভিজ্ঞতা। টেকনোর তথ্য অনুযায়ী, টোনিনো ল্যাম্বরগিনির সঙ্গে এটিই পোভা সিরিজের প্রথম অংশীদারত্ব।

ফোনটির নকশায় ল্যাম্বরগিনির স্বাক্ষরধর্মী বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে। কালো রঙের পেছনের প্যানেলে রয়েছে ল্যাম্বরগিনি অনুপ্রাণিত নকশা, বিশেষ ‘পালস লাইন’ এবং ত্রিভুজাকৃতির ক্যামেরা মডিউল। নোটিফিকেশনের জন্য ক্যামেরা অংশে রয়েছে ‘অ্যালাইভ ম্যাট্রিক্স’ ডিসপ্লে। সফটওয়্যারেও রাখা হয়েছে বিশেষ বুট অ্যানিমেশন ও ডায়নামিক ওয়ালপেপার, যা ফোনটির লিমিটেড এডিশন পরিচয়কে আরও আলাদা করেছে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্টিমেট ৫জি প্রসেসর। সঙ্গে রয়েছে আর্ম মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ। ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে হাইপারলাক্স অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৪৪ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪ হাজার ৫০০ নিটস। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৭আই দিয়ে সুরক্ষিত।

মেমোরি কনফিগারেশনে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। র‍্যাম সম্প্রসারণের মাধ্যমে মোট ২৪ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহারের সুবিধাও থাকছে। দীর্ঘ সময় গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৬ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। গেমিং, ভিডিও দেখা বা অন্যান্য ভারী কাজের সময় তাপ ও ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে অল-সিনারিও বাইপাস চার্জিং প্রযুক্তি।

ক্যামেরার দিক থেকেও রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা। পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটিআইএ ৭০০সি প্রধান সেন্সর ব্যবহার করা হয়েছে, যাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সুবিধা রয়েছে। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, এনএফসি ও ইনফ্রারেড রিমোট সুবিধা।

নতুন এই সংস্করণে গেমিং সক্ষমতার সঙ্গে বিলাসবহুল নকশা এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন স্মার্ট ফিচারকে একসঙ্গে আনার চেষ্টা করেছে টেকনো। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইওএস ১৬ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ধুলা ও পানির বিরুদ্ধে আইপি৬৯কে, আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ মানের সুরক্ষাও রয়েছে। সব মিলিয়ে গেমার ও প্রিমিয়াম ডিজাইন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই পোভা ৮ প্রো ৫জি টোনিনো ল্যাম্বরগিনি লিমিটেড এডিশন তৈরি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ