পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা: প্রধানমন্ত্রীর পরিকল্পনা উপদেষ্টা
পানি বণ্টনসংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার একটি কারিগরি দল গঠন করেছে এবং দলটি শিগগিরই ভারতকে এ বিষয়ে অবহিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। উজানের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দেশের পানি সম্পদের দীর্ঘমেয়াদি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার দিবাগত রাতে রাজবাড়ীর কলিমহড় গ্রামে নিজের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিতুমীর।
পানি সম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নদীগুলোতে পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করা গেলে কৃষি ও মৎস্য উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব। এ কারণে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয়।
এরই ধারাবাহিকতায় একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের কথা উল্লেখ করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে না, পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের সুযোগও রাখা হয়েছে।
তিতুমীর বলেন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক পানি প্রবাহের সম্পর্ক রয়েছে এমন নদীর সংখ্যা ৫৪টি। এসব নদীর পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সরকারের অবস্থান হলো, সবকিছুর আগে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করা।
আন্তর্জাতিক আইন ও স্বীকৃত নীতিমালার আলোকে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের পানির প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের পানিসম্পদের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করবে।
সূত্র: বাসস
মতামত দিন