কারিগরি ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র সচল ইউনিট
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র সচল ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে জাতীয় গ্রিডে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ত্রুটিটি ধরা পড়ে। এরপর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এই ইউনিট থেকেই প্রতিদিন জাতীয় গ্রিডে ৫০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিট ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। তৃতীয় ইউনিট, যার উৎপাদন সক্ষমতা ২৭৫ মেগাওয়াট, বর্তমানে ওভারহলিংয়ের কাজ চলছে। এটি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পুনরায় উৎপাদনে আসতে পারে।
তিনি আরও জানান, কোল মিলে কয়লার সঙ্গে পাথরের মতো কিছু বস্তু ঢুকে পড়ায় কোল প্রসেসিং অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই ইউনিটটি বন্ধ করতে হয়েছে।
প্রকৌশলীরা ইতোমধ্যে মেরামতকাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দ্বিতীয় ইউনিটটি আবার চালু করা সম্ভব হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে