Views Bangladesh Logo

মাউশির ডিজির প্রত্যাহার দাবিতে আবারও শিক্ষা ভবন ঘেরাও

 VB  Desk

ভিবি ডেস্ক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হকের প্রত্যাহারের দাবিতে আবারও শিক্ষা ভবন ঘেরাও করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর আব্দুল গনি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মূল ভবনের সামনে শতাধিক শিক্ষক-কর্মচারী বিক্ষোভ শুরু করেন। পরে তারা মূল ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষকদের দাবি, মহাপরিচালক অধ্যাপক ড. এহতেশাম উল হককে দ্রুত অপসারণের জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখনো তাকে পদে বহাল রেখেছে। অবিলম্বে তাকে ডিজির পদ থেকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। এর পাশাপাশি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক ড. জুলফিকার হায়দারকেও অপসারণের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

তারা বলেন, মাউশির ডিজি হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. এহতেশাম উল হক বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তিনি বরিশাল বিএম কলেজের রসায়ন বিভাগ থেকে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পান। আওয়ামী লীগ ঘনিষ্ঠ হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্টের পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। শিক্ষাসচিবের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর তাকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করা হয়। এরপরও কীভাবে তিনি মাউশির মহাপরিচালকের পদে আসীন হলেন, তা শিক্ষক কর্মচারী ঐক্যজোটসহ শিক্ষার্থী ও সুশীল সমাজের কাছে বোধগম্য নয়।

ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহাসচিব জাকির হোসেন, সহকারী মহাসচিব অধ্যাপক বদরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ কাজী মোহাম্মদ মাইনুদ্দিন, অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, অধ্যাপক আব্দুল আউয়াল, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল হাকিমসহ বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক-কর্মচারীরা।

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘেরাও করে ১০ ফেব্রুয়ারির মধ্যে অপসারণের আলটিমেটাম দেয়া হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ