শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
অনুমতি না নিয়ে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কোথাও দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার জন্য গণমাধ্যম রিপোর্ট প্রচার করতে পারে। এতে প্রমাণ পাওয়া মাত্র ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।
শুধু তাই নয়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা পেলেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়নি। তারা দুর্নীতি করতে কেবল অবকাঠামো নির্মাণ করেছে। তাই শিক্ষার মানের দিকে কোনো নজর দেয়নি।
এর আগে ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষামন্ত্রী পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে