Views Bangladesh Logo

যোগদানপত্রের দাবিতে সহকারী শিক্ষকদের আন্দোলন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিনিধি দল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা এ তথ্য জানান।

এর আগে সকাল ১১টা থেকে সড়কে অবস্থান নিয়ে তারা দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানান।

পরে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মাসুদ আলমের অনুরোধে আন্দোলনকারীরা আলোচনার জন্য আট সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হন।

এর আগে সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে তারা পুলিশের ব্যারিকেডের মধ্যে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আন্দোলনকারীরা জানান, বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের পরবর্তী কর্মসূচি।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।

পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হলেও আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো তাদের যোগদানপত্র দেওয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ