‘হিজাব না পরায়’ ৯ ছাত্রীর চুল কেটে দেওয়া সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় হিজাব না পড়ায় বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক রুমিয়া সরকার। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করার বিষয়টি জানিয়েছেন সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। তিনি বলেন, স্থায়ী ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিদ্যালয় ও শিক্ষার্থীদের অভিভাবকেরা জানিয়েছেন, গতকাল বুধবার বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন রুমিয়া সরকার। সে সময় ধর্মীয় আচার-আচরণ নিয়ে কথা হয়। ক্লাসের ৯ জন শিক্ষার্থী হিজাব ছাড়া ছিল। শিক্ষিকা পর্দার বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে ওই শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তিনি তাদের চুল কেটে দেন।
এ বিষয়ে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্খিত। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এদিকে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আজ সকালে ৯ শিক্ষার্থীর মধ্যে চারজনের বাড়িতে গিয়েছিলাম। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। হিজাব না পরায় চুল কাটার বিষয়টি জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘আজ সকাল ১০টার দিকে এ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কমিটির লোকজন স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে স্কুলে বসেছিলাম। ধর্মীয় রীতি-নীতিতে উৎসাহিত করতে ওই শিক্ষিকা এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এমন একটি ঘটনা কারোরই কাম্য নয়।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে