শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পটুয়াখালীর শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক মোহাম্মদ রিপন হোসেন নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করানোর অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। গত ৩ আগস্ট তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন পরীক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে একজন শিক্ষার্থীকে দিয়ে তা মূল্যায়ন করাচ্ছেন। পরে অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে থাকা ব্যক্তি ছোট বাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক মোহাম্মদ রিপন হোসেন।
বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. এ এন এম এহসানুল হক মিলনের নজরে এলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট মোহাম্মদ রিপন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
মতামত দিন