অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ প্রায় ১৫ হাজার
বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ প্রশাসনিক পদগুলোতে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রথম লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪ হাজার ৯৫২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই ফলাফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফলাফল সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেবেন। এনটিআরসিএ চেয়ারম্যান জানান, এবার মৌখিক পরীক্ষা গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে। স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই এই আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রথমবারের মতো আয়োজিত এই পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯৫১টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। এসব পদের মধ্যে রয়েছে— অধ্যক্ষ (প্রিন্সিপাল), উপাধ্যক্ষ (ভাইস-প্রিন্সিপাল), প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট।
ঢাকার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এমসিকিউভিত্তিক এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী, যার মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনটিআরসিএ-কে এই প্রশাসনিক পদগুলোতে নিয়োগের দায়িত্ব দেয়। ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং ২০১৬ সাল থেকে প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসলেও, এই প্রথমবার প্রতিষ্ঠানটি শীর্ষ পদগুলোর নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে