Views Bangladesh Logo

ছিনতাইকালে শিক্ষক নিহত: গ্রেপ্তার ২, উদ্ধার মোটরসাইকেলের রং ও মডেল নিয়ে 'সন্দেহ'

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তবে র‍্যাবের উদ্ধার করা মোটরসাইকেল ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেল একই কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানাতে রোববার র‍্যাব-২ এর ডাকা সংবাদ সম্মেলনে গ্রেপ্তার দুজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তখন একজন, পনি গাজী—চিৎকার করে জানান, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাকে জোর করে ধরে আনা হয়েছে। একপর্যায়ে তিনি নিজের মোটরসাইকেলের রঙের প্রসঙ্গ তুলে বলেন, তার বাইক রুপালি ও কালো রঙের হলেও ছিনতাইয়ের সময় যে বাইক দেখা গেছে সেটির রং নীল। বিষয়টি সাংবাদিকদের তদন্ত করে দেখার অনুরোধও জানান তিনি। এরপর র‍্যাব সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে নেন।

মোটরসাইকেলের রঙের এই অমিল নিয়ে সংবাদ সম্মেলনেই সতর্কতার কথা তুলে ধরেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি বলেন, মামলায় আসামি অজ্ঞাত থাকায় পনি ও সেড্রিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষায়, 'সন্দেহভাজন থেকেই ধীরে ধীরে জিনিসটা ডেভেলপ করবে। আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।'

তার বক্তব্যের সূত্র ধরে উদ্ধার দেখানো বাইকের ছবির সঙ্গে ছিনতাইয়ের সময়কার সিসিটিভি ভিডিওতে দেখা মোটরসাইকেলের ছবি তুলনা করলে দেখা যায়, দুটোর রং ভিন্ন। এমনকি দুটো মোটরসাইকেলের মডেলও আলাদা বলে জানাচ্ছেন বাইকাররা—তাদের ভাষ্যমতে একটি ইয়ামাহা, আরেকটি সুজুকি।

শনিবার ছিনতাইয়ের ঘটনার দুটি সিসি ক্যামেরার ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এসব ভিডিওতে দেখা যায়, নীল রঙের একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ঘোরাফেরা করছেন। অন্যদিকে র‍্যাবের সরবরাহ করা উদ্ধার হওয়া মোটরসাইকেলের ছবিতে সেটি রুপালি ও কালো রঙের দেখা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে পনি গাজীকে ছিনতাইয়ের ঘটনার মূল 'সন্দেহভাজন ছিনতাইকারী' হিসেবে চিহ্নিত করার তথ্য দেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। গ্রেপ্তার অপর ব্যক্তি সেড্রিককে পনি গাজীর সহযোগী বলে তুলে ধরেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র‍্যাব-২ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরা হয়।

শনিবার ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একদিন পর রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে র‍্যাব কর্মকর্তারা এই ছিনতাইয়ে ব্যবহৃত 'ইয়ামাহা আর১৫' মডেলের মোটরসাইকেল উদ্ধারের তথ্য দেন। এর মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার কথা জানান তারা।

র‍্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির মালিক রাকিব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রাকিবের বরাত দিয়ে নয়মুল হাসান বলেন, রাকিবের এলাকার বড় ভাই পনি বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে যেতেন। গত ২৬ আগস্ট থেকে শনিবার বিকাল পর্যন্ত মোটরসাইকেলটি পনির কাছেই ছিল বলে রাকিব দাবি করেছেন। ঘটনার দিনও এটি পনির কাছে ছিল বলে জানান তিনি। নিহত রনজিলা পারভীনের স্বামী আব্দুল মতিনও উদ্ধার করা মোটরসাইকেলটি দেখে সেটিই ছিনতাইয়ে ব্যবহার করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন।

এছাড়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা চালকের দৈহিক গঠনের সঙ্গে পনির মিল থাকার দাবিও করা হয়েছে সংবাদ সম্মেলনে। স্থানীয় ১৫ জন পুলিশের 'সোর্সকে' ভিডিও দেখিয়েও পনিকে শনাক্তের দাবি করেছেন র‍্যাব-২ এর অধিনায়ক। তৃতীয় যুক্তি হিসেবে তিনি বলেন, ঘটনার সময় রাত আড়াইটা থেকে ভোর ৪টা পর্যন্ত পনি ও সেড্রিকের মোবাইল নম্বর ওই এলাকার আশপাশে অবস্থান করছিল। তিনি বলেন, 'এর বাইরে এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো তথ্য নেই।'

র‍্যাবের দাবি, পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী। রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, মাদক কারবার ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে রাজধানী ও এর বাইরে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে হাতিরঝিল, আদাবর ও কাফরুল থানায় মাদকের তিনটি মামলা; ভাটারা, মোহাম্মদপুর, কাফরুল, বাড্ডা ও শাহজাহানপুর থানায় চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ছয়টি মামলা রয়েছে। এছাড়া আদাবর, খিলগাঁও ও কামরাঙ্গীরচর থানায় চুরি ও সিঁদেল চুরির তিনটি এবং চাঁদপুর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে। পনি এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে বেরিয়ে আসেন, তবে সর্বশেষ কবে তিনি জামিনে বেরিয়েছেন, সে তথ্য এখনও পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নয়মুল হাসান বলেন, সেড্রিকের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। মোটরসাইকেলের মালিক রাকিবের ভাষ্যমতে, ঘটনার সময় পনির পেছনে সেড্রিক বসেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ