ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা
বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে মাথায় পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা। সোমবার উপজেলা সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির কক্ষে ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। হঠাৎ বিকট শব্দে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খুলে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথী রাহেলা জানায়, শিক্ষক ক্লাস নেওয়ার সময় হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে তাঁর মাথায় পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা সবাই ভয় পেয়ে যায়।
আরেক শিক্ষার্থী সিমা জানায়, পলেস্তারা পড়ার সময় সবাই শ্রেণিকক্ষেই ছিল। শিক্ষক আহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ভবনটি ১৯৬০ সালে নির্মিত। দীর্ঘদিনের পুরোনো এই ভবনে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
অভিভাবকেরা বলেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে এভাবে শ্রেণি কার্যক্রম চালানো শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিপজ্জনক। তাঁরা দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানান।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন