Views Bangladesh Logo

আলোচিত শিক্ষক হৃদয় মণ্ডল আর নেই

মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল (৫৮) মারা গেছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে। একই রাতে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

২০২২ সালের ২২ মার্চ ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার মুক্তির দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯ দিন কারাভোগের পর ওই বছরের ১০ এপ্রিল তিনি মুক্তি পান। পরে ১৬ আগস্ট মামলাটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত বিষয়ে পাঠদান করে আসছিলেন।

নিহতের স্ত্রী ববিতা হালদার সাংবাদিকদের জানান, কানের জটিল সমস্যার কারণে হৃদয় মণ্ডল ভারতে দুই দফায় প্রায় দেড় মাস চিকিৎসা নেন। এ সময় তার ডান কানে দুইবার অস্ত্রোপচার করা হয়। কিছুটা সুস্থ হয়ে ২৮ মার্চ দেশে ফেরেন এবং পরদিন ২৯ মার্চ কর্মস্থলে যোগ দিয়ে স্বাভাবিকভাবে ক্লাসও নেন।

তবে ওই রাতেই বাসায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ৩১ মার্চ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ