গাইবান্ধায় হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিলল শিক্ষিকার লাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক।
নিহত শামসুন্নাহার রুমা (৪০) উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে। তিনি উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুন্নাহার রুমা তার একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসায় বসবাস করতেন। তার ছেলে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল।
শনিবার সারাদিন প্রতিবেশীরা রুমার কোনো সাড়া না পেয়ে বাড়ির ভেতরে গিয়ে দেখেন, ঘরের মধ্যে তার নিথর দেহ পড়ে আছে। ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মোজাম্মেল হক বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
হত্যার রহস্য উদঘাটনে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে