Views Bangladesh Logo

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: দেবিদ্বারে শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক ও ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান।

রোববার (১২ জুলাই) সকালে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ বিজ্ঞান বিষয়ের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পেয়েছিলেন মো. বাচ্চু মিয়া। তবে তিনি নিজে খাতা মূল্যায়ন না করে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে সেই কাজ করাচ্ছিলেন।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে এলে দ্রুত তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ