Views Bangladesh Logo

মৌলভীবাজারের চা শ্রমিক কন্যার মৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর

মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক পরিবারের এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় একটি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা চিকিৎসক ও কর্মীদের অবরুদ্ধ করে রাখেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার শমশেরনগর এলাকার ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐশী রবিদাস (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগর চা বাগানের শ্রমিক বাবুল রবিদাসের মেয়ে ঐশী বৃহস্পতিবার রাতে মাথাব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। রাতভর চিকিৎসার পর শুক্রবার সকালে তার মৃত্যু হলে স্বজন ও স্থানীয় চা শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে তারা হাসপাতাল ঘেরাও করে ফুলের টবসহ বিভিন্ন আসবাবপত্রে ভাঙচুর চালায়। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাসপাতালের চিকিৎসক আনোয়ারুল ইসলামকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে। পরে তিনি লিখিতভাবে পদত্যাগ করে পুলিশি নিরাপত্তায় হাসপাতাল ত্যাগ করেন।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছিল এবং কোনো অবহেলা করা হয়নি।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ