Views Bangladesh Logo

নিজ বাড়িতে চা-দোকানিকে গলা কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ বাড়িতে ফারুক শেখ (৪৬) নামে এক চা-দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌর জামতলা এলাকার নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার খালেক শেখের ছেলে। তিনি তার ভাইয়ের সঙ্গে দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ফারুকের দোকানে কাজের চার দিনের পালা শেষ হয়। এ কারণে শনিবার তিনি দোকানে না গিয়ে বাড়িতে ছিলেন। সকাল ৭টার দিকে স্থানীয় একটি হোটেল থেকে নাস্তা করে তিনি বাড়িতে ফিরে নিজের ঘরে অবস্থান করছিলেন।

দুপুরে তার বাবা খাবার নিয়ে ঘরে গিয়ে মেঝেতে ফারুকের গলা ও হাত-পা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই বারেক শেখ বলেন, তারা দুই ভাই দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতেন। যে ভাই দোকানে থাকতেন, তিনি টানা চার দিন দায়িত্ব পালন করতেন। শুক্রবার ফারুকের দায়িত্ব শেষ হওয়ায় শনিবার তিনি বাড়িতে ছিলেন। দুপুরে খাবার নিয়ে বাড়িতে এসে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তিনি কাউকে দেখতে পাননি।

জামতলার একটি হোটেলের মালিক জীবন শেখ বলেন, শনিবার সকাল ৭টার দিকে ফারুক তার দোকানে নাস্তা করে বাড়িতে চলে যান। এরপর তার বিষয়ে আর কিছু জানা যায়নি।

পরিবারের সদস্যরা জানান, টাঙ্গাইল ও দৌলতদিয়ার বিভিন্ন স্থানে ফারুকের একাধিক বিয়ে হয়েছিল। তবে বর্তমানে ওই স্ত্রীদের কেউ তার সঙ্গে বসবাস করতেন না।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ফরিদপুর থেকে আসা সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থলে কাজ করছে। মরদেহের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ