Views Bangladesh Logo

৪০০ টাকার পাওনাকে কেন্দ্র করে ইটের আঘাতে চা দোকানি নিহত

খুলনার রূপসা উপজেলায় ৪০০ টাকার পাওনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক চা দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল প্রায় ৪টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) ওই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার একটি চায়ের দোকান ছিল। তিনি স্ত্রী ও চার মেয়েকে রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের আবুল খায়ের লস্করের কাছে দ্বীন মোহাম্মদের ৪০০ টাকা পাওনা ছিল। কয়েকবার টাকা চাওয়ার পরও না পাওয়ায় মঙ্গলবার বিকেলে তিনি আবারও টাকা চাইতে দ্বীন মোহাম্মদের দোকানে যান।

এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর ইট দিয়ে দ্বীন মোহাম্মদের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি দেখে অভিযুক্ত আবুল খায়ের লস্কর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল খায়ের লস্কর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ