আজ থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষে সোমবার (১১ মে) থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১০ দিনব্যাপী এই বিশেষ কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
রোববার (১০ মে) টিসিবি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কর্মসূচির আওতায় প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি এবং অন্যান্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলাগুলোতে ১৫টি করে ট্রাক নিয়োজিত থাকবে। এ ছাড়া দেশের বাকি ৫৬টি জেলার প্রতিটিতে ১০টি করে ট্রাকসেলের মাধ্যমে পণ্য সরবরাহ করা হবে।
সংস্থাটির তথ্যমতে, প্রতিটি ট্রাকে প্রতিদিন গড়ে ৪০০ জন ক্রেতা পণ্য কেনার সুযোগ পাবেন। পুরো কার্যক্রমের আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবে এবং মোট ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণ ভোক্তারা ভ্রাম্যমাণ ট্রাক থেকে নির্ধারিত মূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কেনার সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হবে।
একই সাথে সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য নিয়মিত ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও অব্যাহত রয়েছে। টিসিবি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মে মাসে ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের দাম এবং বরাদ্দের পরিমাণ আগের নিয়মেই অপরিবর্তিত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে