সোমবার থেকে সারাদেশে টিসিবির ট্রাক সেল শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি দিতে আগামীকাল সোমবার থেকে সারাদেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে। ২১ মে পর্যন্ত চলবে এই বিশেষ ট্রাক সেল কার্যক্রম, তবে শুক্রবারে বিক্রি বন্ধ থাকবে।
রোববার টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের পাশে বাণিজ্য উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার বোতলজাত ভোজ্যতেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। পণ্যগুলোর দাম নির্ধারণ করা হয়েছে—ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা। সব মিলিয়ে একজন ক্রেতাকে খরচ করতে হবে ৪৮০ টাকা।
বর্তমানে বাজারে একই পরিমাণ পণ্য কিনতে ৭০৩ থেকে ৭১৮ টাকা পর্যন্ত খরচ হয় বলে জানিয়েছে টিসিবি। সেই হিসেবে একজন ক্রেতা ট্রাক সেল থেকে পণ্য কিনে ২২৩ থেকে ২৩৮ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
টিসিবি জানায়, সারাদেশে মোট ৭২০টি ট্রাকে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ঢাকা মহানগর ও জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগর ও জেলায় ২০টি, অন্যান্য ছয়টি বিভাগীয় শহর ও জেলায় ১৫টি করে এবং বাকি জেলাগুলোতে ১০টি করে ট্রাক থাকবে।
প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে গড়ে প্রায় ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। ১০ দিনের এই কর্মসূচিতে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ সরাসরি সুবিধা পাবেন বলে আশা করছে সংস্থাটি।
এ ছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় ৭২ লাখ পরিবারের মধ্যেও নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম চলবে, যার আওতায় মে মাসে মোট ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে