রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ
রাজশাহীতে জুলাই মাসের টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, চলতি জুলাই মাসে রাজশাহী নগরীসহ জেলার ৯টি উপজেলার মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার এ সুবিধা পাচ্ছে। নগরীর ৩৬টি এবং পুরো জেলার ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
এবারের টিসিবি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫৮ টাকা। এতে রয়েছে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি এবং দুটি সাবান।
প্যাকেজে দুই লিটার সয়াবিন তেলের দাম ২০০ টাকা, দুই কেজি মসুর ডালের দাম ১২০ টাকা এবং এক কেজি চিনির দাম ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৪৫ টাকা মূল্যের গায়ে মাখার সাবান এবং ২৩ টাকা দরের কাপড় কাঁচার সাবান ক্রেতারা ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন। কেউ চাইলে সাবান নাও নিতে পারবেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি এ সুবিধা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির প্যাকেজে প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও জুলাই মাসে চালের বরাদ্দ নেই। আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হবে।
মতামত দিন