সুইফট-কেলসির বিয়ে ঘিরে কঠোর গোপনীয়তা, এনডিএতে স্বাক্ষর করলেন অতিথিরাও
মার্কিন পপ তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বহুল আলোচিত বিয়ে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন গোপনীয়তা। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় এক হাজার অতিথির পাশাপাশি ক্রু, স্টাইলিস্ট ও সহকারীদেরও কঠোর গোপনীয়তা চুক্তি (এনডিএ) স্বাক্ষর করতে হয়েছে, যাতে বিয়ের কোনো তথ্য আগাম প্রকাশ না পায়।
প্রতিবেদন অনুযায়ী, অতিথিদের শুধু নির্দিষ্ট দুই দিন সময় ফাঁকা রাখতে বলা হয়েছিল। তবে অনুষ্ঠানস্থল বা সময়সূচি সম্পর্কে আগাম কোনো বিস্তারিত জানানো হয়নি। এই অতিরিক্ত গোপনীয়তা নিয়ে আমন্ত্রিতদের একাংশের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে।
বিনোদনবিষয়ক সাময়িকী দ্য হলিউড রিপোর্টারকে এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, ব্যক্তিগত জীবন রক্ষার প্রয়োজনীয়তা থাকলেও এই মাত্রার গোপনীয়তা থেকে মনে হচ্ছে, আয়োজকেরা আমন্ত্রিত অতিথিদের প্রতিও পুরোপুরি আস্থা রাখতে পারছেন না।
সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে বার্তাসংস্থা এপিকে নিউইয়র্কের এক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিশ্চিত করেন, ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে পিপল-এর এক প্রতিবেদনে জানানো হয়, অনুষ্ঠানস্থলে কৃত্রিম দুর্গ নির্মাণের পরিবর্তে সবুজ ঘাস, কার্পেট, শামিয়ানা এবং বিশেষভাবে নির্মিত একটি মঞ্চ দিয়ে বিয়ের পরিবেশ সাজানো হয়েছে।
তবে গুঞ্জন রয়েছে, মূল ভেন্যুর পাশাপাশি আরেকটি বিকল্প গোপন অনুষ্ঠানস্থলও প্রস্তুত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এই বিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মতামত দিন