গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসি। এই তারকা দম্পতির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন এক হাজারেরও বেশি অতিথি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সুইফট ও কেলসি আগেই ঘরোয়াভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন। তবে ভক্ত ও গণমাধ্যমের কাছ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছিল। অবশেষে গত শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নামীদামি তারকাদের বিয়ের মতো এই আয়োজনেও ছিল কঠোর গোপনীয়তা ও নিরাপত্তায় কড়াকড়ি। সংবর্ধনা অনুষ্ঠানকে তিন দিন আগে থেকেই ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও অনুষ্ঠানস্থলের ভেতরের কোনো ছবি বা তথ্য যেন বাইরে না আসে, সেজন্য আমন্ত্রিত অতিথি এবং অনুষ্ঠান-সংশ্লিষ্ট সবার জন্য মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।
তবে অনুষ্ঠান শেষে ভেন্যুর বাইরে স্থাপিত বড় ডিজিটাল সাইনবোর্ডে "JUST&T MARRIED" বার্তা প্রদর্শনের মাধ্যমে উপস্থিত জনতা ও ভক্তদের কাছে বিয়ের আনুষ্ঠানিক খবরটি নিশ্চিত করা হয়।
প্রচলিত রীতি ভেঙে এই তারকা দম্পতি তাদের বিয়েতে কিছুটা ভিন্নধর্মী ও ব্যতিক্রমী আবহ বেছে নেন। বিয়ের মূল আনুষ্ঠানিকতা পরিচালনা করেন হলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার, যিনি এই দম্পতির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। অনুষ্ঠানে সুইফটের ‘ম্যান অব অনার’ হিসেবে দায়িত্ব পালন করেন তাঁর ভাই অস্টিন সুইফট। অন্যদিকে কেলসির ‘বেস্ট ম্যান’ ছিলেন তাঁর ভাই ও সাবেক এনএফএল তারকা জেসন কেলসি।
বিয়েতে টেইলর সুইফটের পরনে ছিল বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের তৈরি কাস্টম মেইড গাউন। এর সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন ক্রিশ্চিয়ান লুবুতিনের জুতো এবং কার্টিয়ারের নকশা করা রাজকীয় গয়না।
এই তারকা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনায় বসেছিল বিশ্ববিনোদনের এক চাঁদের হাট। চাঁদের আলোর মতো ঝলমলে সেই অতিথি তালিকায় উপস্থিত ছিলেন— বিখ্যাত অভিনেতা হিউ গ্র্যান্ট, ইথান হক, জেসন সুডেকিস এবং বিশ্বখ্যাত মডেল কার্লি ক্লস; সংগীত জগতের
জনপ্রিয় গায়িকা ক্যামিলা ক্যাবেলো। এ ছাড়াও ট্রাভিস কেলসির আমন্ত্রণে এই অনুষ্ঠানে যোগ দেন আমেরিকান ফুটবল লিগের (এনএফএল) নামী কর্মকর্তা ও ব্যক্তিত্বরা।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো জনসমক্ষে একসঙ্গে দেখা গিয়েছিল সুইফট ও কেলসিকে। এরপর গত বছরের ২৬ আগস্ট আংটি বদল বা বাগদান সম্পন্ন করেন তারা। ৩৬ বছর বয়সী এই দুই তারকার জন্যই এটি প্রথম বিয়ে।
মতামত দিন