বিয়ের পর সংগীতে ফিরছেন টেলর সুইফট, আসছে নতুন গান
বিয়ের পর জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। ব্যক্তিজীবনের এই পরিবর্তনের মধ্যেই এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন বিশ্বখ্যাত এই গায়িকা। আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে তার নতুন একক গান ‘প্যাশিয়েন্ট জিরো’।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নতুন গানের খবরটি জানান টেলর। সেখানে প্রকাশিত ছবির সঙ্গে তিনি জানান, দীর্ঘদিন ধরে গানটি নিয়ে ঘোষণাটি দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। গানটি প্রকাশের সময়টিও টেলরের জন্য বিশেষ হতে যাচ্ছে, কারণ এর মাত্র দুই দিন পরই অনুষ্ঠিত হবে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজন।
নতুন গান প্রকাশের আগে এর প্রি-অর্ডারের সুযোগও চালু করেছে টেলরের নিজস্ব ওয়েবসাইট। মূল গানের পাশাপাশি থাকছে অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণ। পিয়ানো সংস্করণের প্রচ্ছদে টেলরকে তার বাগদানের আংটি প্রদর্শন করতে দেখা গেছে।
টেলরের ব্যক্তিগত জীবনেও সম্প্রতি এসেছে বড় পরিবর্তন। গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে আয়োজিত সেই অনুষ্ঠানে ছিল দুজনের নিজেদের লেখা শপথ। বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন অভিনেতা ও নির্মাতা অ্যাডাম স্যান্ডলার।
গানের জগতেও টেলর সুইফটের সাম্প্রতিক সময়টি ছিল বেশ আলোচিত। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত তার সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ বিলবোর্ড ২০০-এর শীর্ষস্থান ধরে রাখে টানা ১২ সপ্তাহ। অ্যালবামটির উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ ও ‘ওপালাইট’।
চলতি বছরও নতুন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন টেলর। ‘টয় স্টোরি ৫’ সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য ‘আই নিউ ইট আই নিউ ইউ’ গানটি প্রকাশ করেন তিনি। এবার ‘প্যাশিয়েন্ট জিরো’ দিয়ে আবারও একক গানের জগতে ফিরছেন এই পপ তারকা।
এদিকে নতুন গান প্রকাশের পরপরই টেলরের জন্য অপেক্ষা করছে আরও একটি বিশেষ আয়োজন। ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো ‘আর্টিস্ট ডিরেক্টরস অনার্স’ সম্মান দেওয়া হবে তাকে। একই অনুষ্ঠানে নয়টি বিভাগে মনোনয়নও পেয়েছেন তিনি।
মতামত দিন