Views Bangladesh Logo

ইতিহাস গড়ে ‘সংরাইটারস হল অব ফেম’-এ টেইলর সুইফট

আবারও ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। সবচেয়ে কম বয়সী নারী হিসেবেমাত্র ৩৬ বছর বয়সেই তিনি যুক্ত হলেন মর্যাদাপূর্ণ ‘সংরাইটারস হল অব ফেম’-এ। এই বিশেষ স্বীকৃতি পেয়ে আবেগঘন হয়ে পড়েন এই গায়িকা, অনুষ্ঠানে দীর্ঘ ২১ মিনিটের বক্তব্যে তিনি কৃতজ্ঞতা জানান নিজের পরিবারকে।

শুক্রবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘সংরাইটারস হল অব ফেম’-এর নতুন আসর। সেখানে সম্মাননা গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে নিজের শৈশব ও সংগীতজীবনের নানা স্মৃতি তুলে ধরেন টেইলর সুইফট।

তিনি জানান, মাত্র ১৪ বছর বয়সে তার পরিবার পেনসিলভানিয়া ছেড়ে ন্যাশভিলে চলে যায়, যেখানে তার সংগীতযাত্রা নতুন গতি পায়। তবে নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরুতে পরিবারকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল বলেও স্মরণ করেন তিনি।

আবেগাপ্লুত কণ্ঠে সুইফট বলেন, “শব্দ নিয়ে কাজ করাই আমার পেশা, কিন্তু তোমরা (বাবা-মা ও ভাই) আমার জন্য যা করেছ, তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমি কখনো খুঁজে পাব না। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু তোমাদের কারণেই।”

৩৬ বছর বয়সী এই তারকা আরও বলেন, গীতরচনা তার জীবনে একেবারে স্বাভাবিক ও সহজাত একটি বিষয়। তার ভাষায়, গান লেখা তাকে কখনো আলাদাভাবে শিখতে হয়নি, এটি তার ভেতর থেকেই এসেছে।

তিনি জানান, শিল্পজগতের নানা জটিলতা, পারফরম্যান্স, নাচ, ভুল-শুদ্ধ অভিজ্ঞতা এবং ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্যেও তিনি নিজের মানসিক স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা করেছেন, তবে গান লেখা তার জন্য সবসময় স্বতঃস্ফূর্ত ছিল।

এর আগে একই মর্যাদাপূর্ণ তালিকায় সবচেয়ে কম বয়সী নারী হিসেবে ছিলেন ক্যারল বেয়ার সেজার, যিনি ৪৩ বছর বয়সে এই স্বীকৃতি পেয়েছিলেন। এবারের আসরে টেইলর সুইফট ছাড়াও ‘সংরাইটারস হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং ব্যান্ড ‘কিস’-এর সদস্য জিন সিমন্স ও পল স্ট্যানলি।

নিজের অসাধারণ সাফল্য ও গীতিকারের স্বীকৃতিতে আপ্লুত টেইলর সুইফটের এই অর্জন সংগীত দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ