অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
অর্থনীতির সংকট মোকাবিলায় ট্যাক্স বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সেইসাথে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি না হয় তাহলে দেশে কর্মসংস্থান হবে না। বিএনপি সরকারের বড় একটি কর্মসূচি হলো কর্মসংস্থান গড়ে তোলা। এজন্য আমরা দেশি-বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতির জন্য সংকটময় পরিস্থিতি তা কাটাতে হলে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়েও কাজ করছে। শিক্ষার মানোন্নয়নেও সরকার কাজ করছে।
মন্ত্রী আরও জানান, শিক্ষায় পরিবর্তন এবং স্বাস্থ্য খাতে আমূল উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ করা হবে। আগামী বাজেটেও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হবে এবং এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
চট্টগ্রামের মেরিন ড্রাইভে একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্টদের জন্য একটি ইনস্টিটিউটও গড়ে তোলা হবে। মন্ত্রী বলেন, এটি হবে জেনারেল হাসপাতাল তবে সেখানে বিশেষায়িত কয়েকটি ইউনিট থাকবে। মানুষ আরও সহজে ভালো স্বাস্থ্য সেবা পাবে। আমি চট্টগ্রাম-১১ আসনে ১১ দফা ইশতেহার দিয়েছি যা ১১ তে ১১ নামে পরিচিত। সেগুলো ইনশাল্লাহ করব আমি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে