নিত্যপণ্যের দাম কমাতে ৬০টি পণ্যে কর ছাড়
সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে বাজারমূল্যে স্বস্তি ফেরাতে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন। বর্তমান সরকারের মেয়াদের এটিই প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, চাল, ধান, গম, আলু, গবাদি পশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ওপর উৎসে কর বর্তমানে প্রচলিত ৫ শতাংশ, ২ শতাংশ এবং ১ শতাংশ থেকে কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা লাঘব করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ জনজীবনে স্বস্তি এনে দেবে বলে আশা করছি।’
সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেটের বাকি ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা করেছে সরকার।

মতামত দিন