Views Bangladesh Logo

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আপিল বিভাগে তৌহিদ আফ্রিদির জামিন বহাল

যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নিহতের ঘটনায় দায়েরকৃত এই মামলায় তাকে আসামি করা হয়েছিল।

এ বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৪ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়ায় তার জামিন মঞ্জুর হলে আজ আপিল বিভাগ তা বহাল রাখার আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় অবস্থানকালে গুলিতে গুরুতর আহত হন আসাদুল হক বাবু। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার প্রেক্ষিতে গত ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। উক্ত মামলার এজাহারে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর আসামি করা হয়েছিল।

আপিল বিভাগের আজকের এই আদেশের ফলে তৌহিদ আফ্রিদির মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ