নতুন সিনেমার ঘোষণা দিলেন তৌকীর আহমেদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ রোববার সকাল থেকেই ছিল উৎসবমুখর। জাতীয় নাট্যশালার সামনে শিল্পী, সংস্কৃতিকর্মী, নাট্যজন ও দর্শকদের উপস্থিতিতে জমে ওঠে প্রাণবন্ত এক মিলনমেলা। উপলক্ষ ছিল দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, নাট্যকার ও লেখক তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তি উদযাপন।
দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী এবং নাট্য মঞ্চায়ন। এ সময় তৌকীর আহমেদ তার আলোচিত চলচ্চিত্র অজ্ঞাতনামাকে নতুনভাবে নাট্যরূপ দিয়ে মঞ্চে আনার ঘোষণা দেন। পাশাপাশি তিনি নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও দেন।
তৌকীর আহমেদ জানান, অজ্ঞাতনামা এবার ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। চলচ্চিত্রটির গল্প, মানবিক আবেদন ও সামাজিক বাস্তবতাকে ভিত্তি করে নাট্যরূপ তৈরি করা হবে। তার এই ঘোষণা শুনে উপস্থিত দর্শক ও শিল্পীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আবুল কালাম আজাদ, দীপা খন্দকার, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদসহ দেশের সংস্কৃতি অঙ্গনের অনেক গুণীজন। তাঁরা তৌকীর আহমেদের দীর্ঘ শিল্পযাত্রা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শুরু হয় পিন্টু ঘোষের সংগীত পরিবেশনার মাধ্যমে। পরে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করা হয় আয়োজনের। এরপর অনুষ্ঠিত হয় ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার, যেখানে তৌকীর আহমেদের শিল্পভাবনা নিয়ে আলোচনা হয়। বিকেলে প্রদর্শিত হয় চলচ্চিত্র অজ্ঞাতনামা, আর সন্ধ্যায় মঞ্চস্থ হয় তাঁর নির্দেশিত ও অভিনীত নাটক তীর্থযাত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে